ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত দুজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, রোববার বিকালে ও রাতে ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ডে তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন-হালুয়াঘাট উপজেলার নাগলা এলাকার মো. মোস্তফা (৬৫) ও গফরগাঁও উপজেলার পাঁচবাগ এলাকার নাছিমা আক্তার (৩৫)।
এনিয়ে চলতি বছরে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে জানিয়ে মহিউদ্দিন বলেন, “গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ওয়ার্ডে নতুন করে ১৫ জন ভর্তিসহ ৩২ জন চিকিৎসা নিচ্ছেন।
“এর মধ্যে ২৬ জন পুরুষ, পাঁচজন নারী এবং একজন শিশু। আক্রান্তদের বেশির ভাগ রোগী ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুর থেকে এসেছেন।”
আতঙ্কিত না হয়ে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন এ চিকিৎসক।