বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরণখোলার সোনাতলা গ্রাম থেকে ২০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা। শুক্রবার (২১ মার্চ) বিকেলে মালেক গাজীর বাড়ির বাগান থেকে সাপটি উদ্ধার করা হয় এবং সন্ধ্যায় সুন্দরবনে অবমুক্ত করা হয়।
সিপিজি লিডার মো. খলিলুর রহমান জানান, সোনাতলা গ্রামের মরিয়ম বেগমের একটি ছাগল হারিয়ে গেলে তিনি খুঁজতে গিয়ে দেখেন, একটি বিশাল আকৃতির অজগর তার ছাগলটিকে আক্রমণ করে মেরে ফেলেছে এবং পেঁচিয়ে ধরে রেখেছে।
খবর পেয়ে সিপিজি ও ভিটিআরটি (ভিলেজ টাইগার রেসপন্স টিম) সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। তাদের উপস্থিতি টের পেয়ে অজগরটি ছাগলটিকে ছেড়ে পার্শ্ববর্তী ঝোপে চলে যায়। পরে তল্লাশি চালিয়ে সাপটিকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অজগরটি ২০ ফুট দীর্ঘ এবং ওজন ৫৫ কেজি।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. ফারুক হোসেন জানান, বনরক্ষীদের সহায়তায় সিপিজি ও ভিটিআরটি সদস্যরা শুক্রবার সন্ধ্যায় শরণখোলা স্টেশন অফিস সংলগ্ন সুন্দরবনের গহীন এলাকায় অজগরটিকে অবমুক্ত করেন।
স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বনবিভাগ বলেছে, সুন্দরবনের বন্যপ্রাণীরা কখনো কখনো লোকালয়ে চলে আসে খাবারের সন্ধানে। তবে এ ধরনের ঘটনা ঘটলে বনবিভাগকে দ্রুত জানাতে হবে, যাতে প্রাণীগুলো নিরাপদে উদ্ধার ও সংরক্ষণ করা যায়।