বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুসারে, এই রেমিট্যান্স প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় ৮২.৪% বেশি। মার্চের প্রথম ২৬ দিনে প্রতিদিন গড়ে ১১ কোটি ৩২ লাখ ৬৯ হাজার ২৩০ ডলার এসেছে, যা টাকার অঙ্কে প্রায় ১,৩৮১ কোটি ৮৮ লাখ ৪৬ হাজার ১৫৩ টাকা।
এর আগে কোনো মাসে এত বেশি রেমিট্যান্স আসেনি, ফলে মার্চে রেকর্ড ৩ বিলিয়ন ডলার ছাড়ানোর সম্ভাবনা রয়েছে।
জুলাই বিপ্লবের পর থেকে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) দেশে এসেছে ২,১৪৩ কোটি ৫০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৮.৪% বেশি। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ১,৬৬৯ কোটি ২০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অর্থপাচার কমেছে, হুন্ডি চক্রের প্রভাবও হ্রাস পেয়েছে। পাশাপাশি ব্যাংকগুলোর দেওয়া ডলারের দাম ও খোলাবাজারের দামের পার্থক্য কমে আসায় প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আগ্রহী হচ্ছেন। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।