রাজধানীর মতিঝিল থানার একটি বাসা থেকে চুরি হওয়া ১২.১৩ ভরি স্বর্ণ ও একটি মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তাওহীদ তালুকদার ওরফে মেহরাব (১৮), রাজীব হোসেন রানা (৪২) এবং ইব্রাহীম (৩৫)। শুক্রবার রাত ৩টার দিকে (বৃহস্পতিবার দিবাগত রাত) বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মতিঝিল থানার তথ্য অনুযায়ী, এজিবি কলোনির বাসিন্দা আলামিন তালুকদার তার ভাগনে তাওহীদ তালুকদারকে খুঁজে না পেয়ে ১৮ ফেব্রুয়ারি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। তদন্তের একপর্যায়ে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৯ ফেব্রুয়ারি কক্সবাজার থেকে তাওহীদকে আটক করে, যার কাছে একটি নতুন ১৫০ সিসির সুজুকি জিক্সার মোটরসাইকেল পাওয়া যায়।
তাওহীদের কাছে নতুন মোটরসাইকেল দেখে সন্দেহ হলে আলামিন তালুকদার ঘরের আলমারি তল্লাশি করেন এবং দেখতে পান তার ৩২ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৬০ হাজার টাকা চুরি হয়েছে। বিষয়টি বুঝতে পেরে তিনি ভাগনে তাওহীদসহ কয়েকজনের বিরুদ্ধে মতিঝিল থানায় চুরির মামলা দায়ের করেন।
মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তাওহীদকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে মোটরসাইকেল উদ্ধার করে। পরবর্তী জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেটে অভিযান চালিয়ে রাজীব হোসেন রানা ও ইব্রাহীমকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২.১৩ ভরি গলিত স্বর্ণ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাওহীদ স্বর্ণালংকার চুরি করে তা বিক্রি করে মোটরসাইকেল কেনার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।