যশোর-বেনাপোল মহাসড়কের গাজীর দরগাহ ফিলিং স্টেশন সংলগ্ন সড়কে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বুধবার সকালে ৫৮২ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ আব্দুর রউফ (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে।
যশোর-৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, তার প্যান্টের পকেটে লুকানো অবস্থায় স্বর্ণ পাওয়া যায়, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা। তার কাছ থেকে ২টি মোবাইল এবং নগদ ১০ হাজার ৬৯০ টাকা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে ভারত পাচারের উদ্দেশ্যে বেনাপোল যাচ্ছিলেন। মামলা দায়েরের পর তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।