সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আগামী শিক্ষাবর্ষেও শিক্ষার্থী ভর্তি করা হবে লটারির মাধ্যমে। আবেদন শুরু হবে ২১ নভেম্বর থেকে, যা চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। ডিজিটাল লটারির সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ডিসেম্বর।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে ঢাকা মহানগর ভর্তি কমিটির সভা শেষে এসব তথ্য জানান কমিটির সদস্য ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক ভর্তি শাখার পরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
তিনি জানান, লটারি প্রক্রিয়ায় কারিগরি সহায়তা দেবে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক। আবেদন ও লটারি সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন হবে।
গতবারের মতো এবারও দুটি অপেক্ষমাণ (ওয়েটিং) তালিকা প্রকাশ করা হবে। প্রথম ওয়েটিং লিস্ট থেকে ভর্তি হবে ২২ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত এবং দ্বিতীয় ওয়েটিং লিস্ট থেকে ভর্তি চলবে ২৭ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত।