মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ভবনের মালিক ধোঁয়া দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাটি ধরা পড়ে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পাওয়ার পরই তাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। জানালার একটি হুক ভেঙে ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে—এমন প্রাথমিক ধারণা করছে তারা। আগুনে কিছু ফাইল ও আসবাবপত্র পুড়ে গেলেও বড় ধরনের ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ বলেছে, এটি নাশকতার পরিকল্পিত ঘটনা হতে পারে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।