মডেল-অভিনেত্রী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়ার বাবা মাহমুদ হাসান চৌধুরী গত সোমবার (২৩ জুন) সন্ধ্যায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮০ বছর।
এর আগে রবিবার তার গলব্লাডারের অপারেশন করা হয়েছিল। মঙ্গলবার খুলনার নগরীর শামসুর রাহমান রোডে মরহুমের বাসভবনের সামনে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে তাকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী মাহাবুবা চৌধুরী, দুই কন্যা জেবুন্নেসা কেয়া ও জান্নাতুল ফেরদৌস পিয়া, একমাত্র পুত্র মাহাবুব আবদুল্লাহ চৌধুরী, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।
পিয়ার পরিবার এবং শুভাকাঙ্খীরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।
জান্নাতুল ফেরদৌস পিয়া ২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন। এরপর ২০০৮ সালে র্যাম্প মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন। ২০১২ সালে ‘চোরাবালি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে। পাশাপাশি তিনি সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত আছেন।