বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক পর্যায়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বে) অধ্যাপক ড. এন. এম. গোলাম জাকারিয়া স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য সব লেভেল ও টার্মের স্নাতক পরীক্ষা স্থগিত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একাডেমিক কাউন্সিলের আলোচনার মাধ্যমে পরবর্তীতে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, এর আগে বুয়েটসহ দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন। পরে সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করা হয়।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—
১. ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ শব্দ ব্যবহার বন্ধ করা।
২. ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা।
৩. দশম গ্রেডের চাকরিতে প্রবেশে কেবল স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।