প্রায় এক মাস দীর্ঘ ছুটি শেষে লিওনেল মেসি ফিরেছেন বার্সেলোনায়, কাতালানদের সঙ্গে নতুন চুক্তি থেকে আছেন কয়েক ঘণ্টার দূরত্বে; দিনের শুরুর খবরটা ছিল এমন। কিন্তু বারো ঘণ্টা পেরিয়ে গেছে, নতুন চুক্তির খবর আসেনি।
এবার স্প্যানিশ সংবাদ মাধ্যম শোনাচ্ছে নতুন খবর, ক্লাবের অর্থনৈতিক অবস্থা মেসিকে বার্সায় থাকতে দিচ্ছে না আর! অথচ অর্ধেক বেতন কমিয়ে নতুন চুক্তি নিয়ে আরও সপ্তাহ তিনেক আগেই সম্মত হয়ে গিয়েছিল বার্সা আর মেসি পক্ষ!
বিষয়টা সর্বপ্রথম জানিয়েছে স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কা। আর তাতে সায় মিলেছে ইএসপিএন এস্পানা আর রেডিও কাতালুনিয়ারও। মার্কা বলছে, ‘মেসির নতুন চুক্তির পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এখন মেসির বার্সেলোনায় থাকাটা প্রায় অসম্ভব। সিভিসিকে নিয়ে লা লিগা যে প্রস্তাব দিয়েছে বার্সেলোনাকে, তা বার্সেলোনার পক্ষে মেনে নেওয়া অসম্ভব, এর কারণে ভবিষ্যতে সুপার লিগের মাঠে গড়ানোর সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে।’