মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেছেন ৬১ জন নবীন কর্মকর্তা।
রোববার চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে মিডশিপম্যান ২০২৩-বি এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০২৬-এ ব্যাচের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
অনুষ্ঠানের মাধ্যমে ২০২৩-বি ব্যাচের ৫৪ জন মিডশিপম্যান এবং ২০২৬-এ ব্যাচের সাতজন সরাসরি কমিশন্ড অফিসারসহ মোট ৬১ জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। কমিশনপ্রাপ্তদের মধ্যে পাঁচজন নারী এবং দুইজন বিদেশি কর্মকর্তা রয়েছেন।
কুচকাওয়াজ শেষে বিভিন্ন বিষয়ে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য পদক প্রদান করা হয়। সকল বিষয়ে সেরা চৌকশ মিডশিপম্যান হিসেবে ‘সোর্ড অব অনার’ অর্জন করেন মিডশিপম্যান মো. ইনতিসার ইসলাম ইনান। ‘নৌ প্রধান স্বর্ণপদক’ লাভ করেন মিডশিপম্যান সাদমান সাকিব পান্থ এবং ‘বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক’ অর্জন করেন অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট মো. আবিদ শাহরিয়ার অনু।
এছাড়া পাকিস্তান নৌবাহিনীর প্রশিক্ষণার্থী মিডশিপম্যান জেহাদ এ.এম. সালাহ সেরা বিদেশি মিডশিপম্যান হিসেবে ‘বিএনএ আন্তর্জাতিক স্বর্ণপদক’ লাভ করেন।
নৌবাহিনী প্রধান তার বক্তব্যে বলেন, দেশের সামুদ্রিক নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর নৌবাহিনী গঠনে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। দেশীয় প্রযুক্তির বিকাশ ও ‘মেড ইন বাংলাদেশ’ নীতির আলোকে যুদ্ধজাহাজ, টহল জাহাজ এবং অন্যান্য সামুদ্রিক প্ল্যাটফর্ম নির্মাণেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।
তিনি নবীন কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও আত্মত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় প্রয়োজনে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, বিদেশি কূটনীতিক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।