বঙ্গোপসাগরের উত্তরাংশ ও এর সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকাসহ সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে জারি করা আবহাওয়া সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ ববির স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়ুচাপের পার্থক্যের কারণে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়া বইতে পারে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সঙ্গে এও জানানো হয়েছে যে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যেতে বলা হয়েছে।