বগুড়ায় সোমবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ও উপসর্গে সর্বোচ্চ ২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ১৮ জন ও উপসর্গে আটজন। এ সময় শনাক্ত হয়েছে ১২৬ জনের শরীরে। এ সময় সুস্থ হয়েছেন ১৯৩ জন। সবমিলিয়ে মারা গেছেন ৫৮২ জন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।
করোনায় মৃতদের মধ্যে বগুড়ার ১০ জন হলেন- বগুড়া সদরের জয়নুল আবেদীন (৭১), মতিউর রহমান (৬০), বজলার রহমান (৭৫) ও বাঁধন চন্দ্র (৬৫), আদমদীঘির মোমেনা খাতুন (৬০), শাজাহানপুরের আবদুল আজিজ (৪৮), সোনাতলার শামসুদ্দিন (৬৫), গাবতলীর আজিজার রহমান (৭৭), আদমদীঘির আকতার বানু (৮৫) এবং শিবগঞ্জের তাজুল ইসলাম (৬০)। মৃত অপর আটজন বগুড়ার বাহিরের জেলার। এদের বগুড়ার মৃত্যুর সাথে যোগ করা হয়নি।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, এ জেলায় করোনাভাইরাসের সংক্রমণ আবারো বাড়ছে। সোমবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪৭৮ জনের শরীর থেকে সংগৃহীত নমুনা পরীক্ষায় ১২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৬ দশমিক ৩৫ শতাংশ।
এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনায় ৬২ জন, জিন এক্সপার্ট মেশিনে চার জনের নমুনায় তিনজন, এন্টিজেন পরীক্ষায় ১৬৯ জনের নমুনায় ৫১ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের পিসিআর ল্যাবে ২৩ জনের নমুনায় ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এদের মধ্যে সদরে ৬১ জন, শাজাহানপুরে ১৯ জন, শিবগঞ্জে ১২ জন, শেরপুর ও গাবতলীতে ছয়জন করে, আদমদীঘি ও দুপচাঁচিয়ায় পাঁচজন করে, ধুনটে চারজন, নন্দীগ্রামে তিনজন, সারিয়াকান্দি ও সোনাতলায় দুজন করে এবং কাহালুতে একজন। এ সময় সুস্থ হয়েছেন ১৯৩ জন।
সূত্রটি আরও জানায়, এ পর্যন্ত জেলায় মোট ১৯ হাজার ১২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৭ হাজার ৫৪ জন। মারা গেছেন ৫৮২ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন আছেন এক হাজার ৪৮৪ জন।