ফরিদপুর সদর উপজেলার করিমপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৯টার দিকে কানাইপুর ইউনিয়নের আবুল হোসেন পেট্রল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মধুখালীগামী লোকাল বাস ‘রিক পরিবহন’ এবং ঢাকাগামী ‘রয়েল এক্সপ্রেস’ চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসে। করিমপুর এলাকার হোসেন ফিলিং স্টেশনের সামনে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লোকাল বাসের তিনজন যাত্রী নিহত হন। আহত হন কমপক্ষে ১৫ জন।
আহতদের তাৎক্ষণিকভাবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহত ও আহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
ঘটনার পর সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হলে করিমপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত উদ্ধার ও যানচলাচল স্বাভাবিক করতে অভিযান চালায়।
ওসি সালাউদ্দিন চৌধুরী বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আমরা উদ্ধার কাজ শুরু করি। ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, নিহতরা সবাই লোকাল বাসের যাত্রী ছিলেন। দুইটি বাস জব্দ করা হয়েছে এবং পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।