চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশের ব্যারাক থেকে শামীম হোসেন (৩১) নামের এক কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে ইমিগ্রেশন বিভাগের নতুন ভবনের নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
শামীম হোসেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। ছয় মাস আগে তিনি দর্শনা ইমিগ্রেশন বিভাগে যোগদান করেন এবং ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে একাই বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৮টার পর কর্মস্থলে অনুপস্থিত থাকায় সহকর্মীরা খোঁজ নিতে গিয়ে কক্ষে তার ঝুলন্ত দেহ দেখতে পান। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।