নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের চাদ হ্রদের তীরবর্তী দোগন চিকু এলাকায় দুই প্রতিদ্বন্দ্বী জিহাদি গোষ্ঠী—বোকো হারাম এবং ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি)—এর মধ্যে সংঘর্ষে প্রায় ২০০ জন নিহত হয়েছে। খবরটি এএফপি জানিয়েছে, স্থানীয় মিলিশিয়া ও জিহাদি গোষ্ঠীর সদস্যদের বরাত দিয়ে।
সংঘর্ষটি মূলত এলাকার আধিপত্য নিয়েই সংঘটিত হয়েছে। মিলিশিয়ার এক সদস্য বাবাকুরা কোলা জানান, তাদের তথ্য অনুযায়ী প্রায় ২০০ জন বোকো হারাম যোদ্ধা নিহত হয়েছে। অন্যদিকে সাবেক বোকো হারাম সদস্য সাদিকু জানিয়েছেন, প্রায় ২০০ জন আইএসডব্লিউএপি যোদ্ধা নিহত হয়েছে এবং তাদের অনেক অস্ত্র জব্দ করা হয়েছে। তবে বোকো হারামের প্রাণহানি তুলনামূলকভাবে মাত্র চারজন।
নাইজেরিয়ার সেনাবাহিনী এবং গোয়েন্দা কর্মকর্তারা সংঘর্ষ পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। কর্মকর্তাদের ধারণা, এই সংঘর্ষে অন্তত ১৫০ জনেরও বেশি নিহত হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালে আদর্শগত বিভেদের কারণে আইএসডব্লিউএপি এবং বোকো হারামের মধ্যে বিভাজন ঘটে, এবং তারপর থেকে তারা চাদ হ্রদ এলাকার দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত রয়েছে।