দেশের দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত রংপুর ও খুলনা বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে, দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ বিরাজ করতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
এছাড়া, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী ও খুলনা বিভাগের কয়েকটি স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তার পরের ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, আবহাওয়ার মধ্যে কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
এদিকে, তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই দিন সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রোববার (২৩ ফেব্রুয়ারি) দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এছাড়া, শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।