সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে সারা দেশের দুই হাজার ৮৫৭টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৩০ প্লাটুন সদস্য।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তবর্তী এলাকা এবং রাজধানী ঢাকাসহ সারাদেশে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। বিজিবির নিরাপত্তাধীন মোট ২ হাজার ৮৫৭টি পূজামণ্ডপের মধ্যে ১ হাজার ৪১১টি পূজামণ্ডপ সীমান্তবর্তী (সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে এবং পার্বত্য এলাকার ১৫টি পূজামণ্ডপসহ) এলাকায় অবস্থিত।
অন্যদিকে, সীমান্তবর্তী এলাকার বাইরে রয়েছে ১ হাজার ৪৪৬টি পূজামণ্ডপ। এই মণ্ডপগুলোর মধ্যে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মোট ৪৪১টি; চট্টগ্রাম মহানগরী, রাউজান ও রাঙ্গুনিয়াতে ৬৯৪টি এবং দেশের অন্যান্য স্থানে ৩১১টি পূজামণ্ডপে বিজিবি নিরাপত্তা দিচ্ছে।
পূজা উপলক্ষে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিজিবি তাদের গোয়েন্দা নজরদারি শক্তিশালী করেছে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।
বিজিবি সর্বদা জাতীয় শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের জনগণ যাতে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারে সে লক্ষ্যে বিজিবি সারাদেশে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। উৎসব চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ২৪টি বেইজ ক্যাম্পও স্থাপন করা হয়েছে।