দীর্ঘ বিরতির পর আবারও পুরোদমে চালু হলো দৈনিক ভোরের কাগজ। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) থেকে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় খুলে দেওয়া হয়েছে। এ উপলক্ষে সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীকে অবিলম্বে কাজে যোগদানের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
এক বিজ্ঞপ্তিতে ভোরের কাগজ জানায়, নিয়ন্ত্রণের বাইরে থাকা কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১২ ধারা অনুযায়ী গত ২০ জানুয়ারি থেকে প্রধান কার্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ২৭ মার্চ থেকে কার্যালয় আবার চালু করা হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, প্রধান কার্যালয় বন্ধ থাকলেও ভোরের কাগজের প্রকাশনা অব্যাহত ছিল এবং পাঠকদের নিয়মিত সংবাদ সরবরাহ করা হয়েছে। ভবিষ্যতে আরও নতুন আঙ্গিকে ও সমৃদ্ধভাবে পত্রিকাটি প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।
ভোরের কাগজের ডিজিটাল বিভাগের প্রধান মিজানুর রহমান সোহেল জানান, “কার্যালয় সাময়িক বন্ধ থাকলেও সার্বিক কার্যক্রম চালু ছিল এবং বাইরে থেকে পরিচালিত হচ্ছিল। তবে এখন থেকে নিয়মিত অফিস থেকেই সকল কার্যক্রম পরিচালিত হবে।”
প্রসঙ্গত, চলতি বছরের ২৫ জানুয়ারি দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছিল। উল্লেখ্য, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত ভোরের কাগজের প্রধান কার্যালয় বর্তমানে রাজধানীর মালিবাগে অবস্থিত।