জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে আগামী বুধবার (৫ নভেম্বর)। একই দিন নির্বাচনের চূড়ান্ত আচরণবিধিও প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।
তিনি বলেন, “বুধবার তফসিল ঘোষণা করা হবে, তখনই নির্বাচনের তারিখও জানানো হবে। আমরা তফসিল ও আচরণবিধি চূড়ান্ত করার কাজ করছি।”
অধ্যাপক মোস্তফা হাসান আরও জানান, “বিভিন্ন ছাত্র সংগঠনের দাবিগুলো আমরা শুনেছি। নির্বাচনে অংশগ্রহণের পরিবেশ নিশ্চিত করতে সবার মতামত বিবেচনা করা হচ্ছে।”
এর আগে, গত ৩০ অক্টোবর রাতে জকসু নির্বাচনের খসড়া আচরণবিধি প্রকাশ করা হয়, যেখানে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসানকে প্রধান নির্বাচন কমিশনার করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।