চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় সংঘর্ষের ঘটনায় প্রশাসন আগামীকাল সোমবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে। একইসাথে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
রোববার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২নং গেট এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর এ সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।
হাটহাজারী পৌরসভা ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন ১০ কিলোমিটার এলাকায় রোববার বিকেল ৩টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে। এ সময়ে সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ, অস্ত্র বহন এবং পাঁচজনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জননিরাপত্তা রক্ষা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুপুরের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক মো. কামাল উদ্দিন আহত হন। তাকে নিরাপত্তা বাহিনী উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া রক্তাক্ত অবস্থায় বহু শিক্ষার্থীকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তার জেরে শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ৬০ জন আহত হন। ওই ঘটনার পর থেকেই উত্তাল হয়ে ওঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।