খুলনায় গোপনে গৃহবধূর পোশাক পরিবর্তনের ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ভুক্তভোগীর স্থিরচিত্র ও ভিডিওসহ তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) গ্রেফতারকৃত দুই আসামি নাজমুল শেখ (২২) ও আশরাফ আলী (২৪) কে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত নাজমুল শেখের সঙ্গে ভুক্তভোগী গৃহবধূর পরিবারের পূর্বশত্রুতা ছিল। নাজমুল শেখ একাধিকবার গৃহবধূকে কুপ্রস্তাব দিয়েছিলেন। গৃহবধূ রাজি না হওয়ায় নাজমুল শেখ গোপনে তার গোসল শেষে পোশাক পরিবর্তনের সময় অর্ধনগ্ন স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে। পরে ওই ছবি ও ভিডিও দেখিয়ে গৃহবধূকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে এবং কুপ্রস্তাবে রাজি না হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
খুলনা জেলা পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন জানান, সোমবার (৩ মার্চ) ফুলতলার দামোদর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় ফুলতলা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।