কুষ্টিয়া সদর উপজেলায় পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে আগুন ধরে গেলে চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন।
রোববার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের ত্রিমোহনী ও বটতৈল এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ট্রাকচালক আনিচুর রহমান আনিস এবং তাঁর সহকারী রতন। তাদের বাড়ি ফরিদপুর সদর উপজেলায়।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ থেকে পাথরবোঝাই করে ট্রাকটি ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। সকালে কুষ্টিয়া বাইপাস সড়কে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে।
দুর্ঘটনার পরপরই ট্রাকটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পরে ট্রাকচালক আনিচুর রহমান আনিসের মরদেহ উদ্ধার করা হয়। তবে সহকারী রতন পাথরের নিচে চাপা পড়ে থাকায় তাকে উদ্ধার করতে কিছুটা সময় লাগে। পরবর্তীতে উদ্ধারকর্মীরা তাঁর মরদেহও উদ্ধার করেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।