কারিগরি শিক্ষাব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার অভিযোগ তুলে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড় অবরোধ করেছেন কারিগরি শিক্ষার্থীরা। চলমান আন্দোলনে শিক্ষকেরাও সংহতি জানিয়েছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা মোড়ে অবস্থান নেন। এসময় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ গ্লাস অ্যান্ড সিরামিক ইনস্টিটিউটসহ একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ৮-১০ জন শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মাশফিক ইসলাম বলেন, “আজকের কর্মসূচিতে আমাদের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা এসে দাঁড়িয়েছেন। তাদের সমর্থন আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী করেছে।”
আজকের কর্মসূচিতে শিক্ষার্থীরা চার দফা দাবি উপস্থাপন করেছেন। তাদের দাবির মধ্যে রয়েছে–
প্রকৌশল অধিকার আন্দোলনের নামে ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।
বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ‘অযৌক্তিক তিন দফা দাবির’ পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা।
কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উত্থাপিত দফা দাবির পূর্ণাঙ্গ বাস্তবায়ন।
ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করা।
অবরোধের কারণে তেজগাঁও সাতরাস্তা মোড় ও আশপাশের সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ এই মোড়ে যান চলাচল বন্ধ হওয়ায় মালিবাগ, মহাখালী, ফার্মগেট ও মগবাজারমুখী সড়কগুলোতেও দীর্ঘ গাড়ির সারি তৈরি হয়েছে। হঠাৎ সড়ক অবরোধে অফিসগামী মানুষ ও জরুরি সেবার যানবাহনের চালকরা বিপাকে পড়েছেন।