জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা সামনে রেখে নকলসহ যেকোনো অসদুপায় বন্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর চলতি পরীক্ষা বাতিলের পাশাপাশি সর্বোচ্চ চার বছরের জন্য পরীক্ষা থেকে বহিষ্কারের শাস্তি দেওয়া হবে।
শনিবার (৫ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে অতিরিক্ত নজরদারি থাকবে। প্রশ্নফাঁস, নকল বা যেকোনো অসাধু কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় জানিয়েছে, পরীক্ষার কক্ষে একে অপরের সঙ্গে কথা বলা, মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস বহন, বেঞ্চ বা শরীরের অংশে লিখে রাখা, উত্তরপত্রে টাকা রাখা, মিথ্যা পরিচয়ে পরীক্ষা দেওয়া, প্রশ্নপত্র বাইরে পাচার বা ইনভিজিলেটরের সঙ্গে অসদাচরণসহ নানা কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
এ ধরনের অপরাধের ক্ষেত্রে পরীক্ষা শৃঙ্খলা কমিটি চলতি বছরের পরীক্ষা বাতিলের পাশাপাশি ১ থেকে ৪ বছরের জন্য পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশ করতে পারবে। অপরাধের প্রকৃতি অনুযায়ী আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় সুষ্ঠু পরীক্ষা এবং শিক্ষার্থীদের নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।