বিএনপির দেওয়া নোট অব ডিসেন্টে (ভিন্নমত) পরিবর্তন চাইলে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটির বৈঠকে এসে প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৪ অক্টোবর) সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা দীর্ঘায়িত করতে নিজেদের মতো করে সংবিধান সংশোধন করেছিল। তবে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার সে পথে হাঁটবে না।
তিনি জানান, সংবিধান সংশোধন কমিটির আর এক-দুটি বৈঠক বাকি রয়েছে। ইতোমধ্যে প্রস্তাবগুলো সংকলনের কাজ শুরু হয়েছে। শনিবারের বৈঠকে ৬০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁদের মধ্যে ৪৪ জন উপস্থিত ছিলেন। অসুস্থতাসহ বিভিন্ন কারণে অনেকে বৈঠকে যোগ দিতে পারেননি। বৈঠকে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ে তাঁদের প্রস্তাব তুলে ধরেছেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বৈঠকে বিচার বিভাগের স্বাধীনতা, সংবিধানের ৭০ অনুচ্ছেদ এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য নিয়ে আলোচনা হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, এ বিধান যেন বিলুপ্ত করা না হয়, সে বিষয়ে আগেও অনেকে মতামত দিয়েছেন। উচ্চকক্ষ গঠিত হলে এবং তা জাতীয় সংসদের একই মেয়াদে বিলুপ্ত না হলে, সরকারি ও বিরোধী দলের সম্মতিতে স্পিকার নির্বাচনের পর তাঁকেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা যায় কি না, সে বিষয়ে মতামত এসেছে। একইভাবে স্পিকার ছাড়া অন্য উপদেষ্টাদেরও সরকারি ও বিরোধী দলের সম্মতির ভিত্তিতে নিয়োগ দেওয়ার প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে।
বিএনপির দেওয়া নোট অব ডিসেন্টের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলকে আগেও আহ্বান জানানো হয়েছে, এখনো জানানো হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে নোট অব ডিসেন্টের বিষয়ে শিথিলতা চাইলে বিরোধী দলকে তা স্পষ্টভাবে জানাতে হবে। তারা কমিটির বৈঠকে এসে প্রস্তাব দিলে বিষয়টি বিবেচনা করা হবে।
তিনি আরও বলেন, সবার মতামত পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। সমঝোতার ভিত্তিতে সরকার গঠনের বিষয়টিই তাঁরা চান।