নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ি গ্রামে এক গ্রীল মিস্ত্রিকে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। গত কয়েক দিনে নওগাঁ ও জয়পুরহাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁ সদর উপজেলার জগৎ সিংহপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে ইমাম হাসান বুলেট (৪৪), রানীনগর উপজেলার চক কুতুব গ্রামের সামছুর রহমানের ছেলে ফারুক শেখ ওরফে ওমর আলী (২২) এবং জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হাস্তা বসন্তপুর গ্রামের মৃত মনতাছার রহমানের ছেলে আশিকুর রহমান ছানি (৩৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাতে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন গ্রীল মিস্ত্রি মোহাম্মদ হানিফ। রাত আনুমানিক সোয়া ৮টার দিকে নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ি গ্রামে শিহাব হোসেনের জমির পাশের একটি নির্জন সড়কে পৌঁছালে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি তাঁকে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখান। এ সময় তাঁরা হানিফের মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।
ঘটনাটি পুলিশ সুপারের নজরে এলে তিনি জেলা গোয়েন্দা পুলিশকে দ্রুত জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং লুট হওয়া মালামাল উদ্ধারের নির্দেশ দেন। পরে ডিবির একটি দল বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে নওগাঁ ও জয়পুরহাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গ্রেপ্তার ইমাম হাসান বুলেটের বিরুদ্ধে চুরি, ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য ও অস্ত্র আইনের মামলাসহ ছয়টি মামলা রয়েছে। অপর গ্রেপ্তার আশিকুর রহমান ছানির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা রয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, অপরাধ দমন ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নওগাঁ জেলা পুলিশ সর্বাত্মক তৎপর রয়েছে। অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত, গ্রেপ্তার এবং অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট আলামত উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।