সড়ক পরিবহন, সেতু, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নারায়ণগঞ্জের আলীগঞ্জ এলাকায় পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের পিলারের নিচে মাটি কাটার কাজ প্রকল্পের প্রয়োজনেই করা হয়েছে। এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে।
বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ভায়াডাক্টের নিচে নির্মিত অস্থায়ী মাটির রাস্তা অপসারণ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, ভায়াডাক্ট নির্মাণের সময় এলাকাটি জলাধার ছিল। নির্মাণসামগ্রী পরিবহনের সুবিধার্থে সাময়িকভাবে সেখানে মাটি ফেলে রাস্তা তৈরি করা হয়েছিল। প্রকল্পের কাজ শেষ হওয়ায় এখন সেই অস্থায়ী মাটি অপসারণ করা হচ্ছে, যা প্রকল্পের পূর্বনির্ধারিত অংশ।
তিনি বলেন, ভায়াডাক্টের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। বরং প্রাকৃতিক জলাধার পুনরুদ্ধার এবং ভায়াডাক্টের দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করতেই এ কাজ করা হচ্ছে। পিলারের নিচ থেকে মাটি অপসারণে কোনো নেতিবাচক প্রভাব নেই; বরং এটি পরিবেশ ও প্রকল্প—উভয়ের জন্যই ইতিবাচক।
পরিদর্শনকালে যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এবং নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।