বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না। দলটি গত পাঁচ দশক ধরে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন-সংগ্রাম করে আসছে।
শনিবার (২০ জুন) মুন্সীগঞ্জ সফরকালে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার অভিযোগের বিষয়ে মির্জা ফখরুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে। তাই বিএনপির গণতন্ত্রে বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং ভোটাধিকারই বিএনপির রাজনীতির মূল ভিত্তি।
মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে। উভয় দেশের স্বার্থ ও মর্যাদা রক্ষা করেই বিভিন্ন চুক্তি সম্পন্ন হবে। পাশাপাশি বন্ধ থাকা শ্রমবাজার চালুর বিষয়েও আলোচনা হবে।
এর আগে স্থানীয়দের উদ্দেশে বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বিএনপি সরকারের মাত্র তিন মাসে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালুর পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের জন্য ভাতার ব্যবস্থা করা হয়েছে। দেশব্যাপী খাল খনন কর্মসূচিও চলমান রয়েছে।
স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে তিনি মুন্সীগঞ্জের কালীদাস নদীর ওপর উত্তর ইসলামপুর-মোল্লারচর কাঠের সেতুর পরিবর্তে একটি স্থায়ী সেতু নির্মাণের আশ্বাস দেন। এছাড়া ফুলদি নদীর ওপরও একটি সেতু নির্মাণের ঘোষণা দেন।
পরে তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত প্রায় ২ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবেরচর আধুনিক গ্রামীণ বাজার ভবনের উদ্বোধন করেন এবং জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।