দেশে কোনো ধরনের জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।
শুক্রবার সকালে টাঙ্গাইল শহরের মাহমুদুল হাসান চাঁদ বাজার পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, সরকার আগামী তিন মাসের একটি পরিকল্পনা হাতে নিয়েছে। জ্বালানি সাশ্রয়ের জন্য নতুন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—সন্ধ্যা ৬টার মধ্যে বাজার বন্ধ রাখা, মন্ত্রী ও সচিবদের ব্যয় ৩০ শতাংশ কমিয়ে আনা ।
তিনি আরও বলেন, গত ১৭ বছরে উন্নয়নের অনেক কথা বলা হলেও বাস্তবে তার প্রতিফলন কম দেখা গেছে। মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে সেই বাস্তব চিত্র এখন স্পষ্ট হচ্ছে।
টাঙ্গাইলের স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, পার্ক বাজারের রাস্তা ও বাজার উন্নয়নের বিষয়ে ইতোমধ্যে জেলা স্থানীয় সরকার বিভাগের সঙ্গে আলোচনা হয়েছে এবং দ্রুত কাজ শুরু করা হবে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুলতান সালাউদ্দিন টুকু, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।