‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে অমর একুশে বইমেলা-২০২৬ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে দেশের সাহিত্যপ্রেমীদের জন্য মাসব্যাপী এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দুপুর ২টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। স্বাগত বক্তব্য রাখবেন মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
বইমেলা আগামী ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। ছুটির দিনে মেলা সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। রাত সাড়ে ৮টার পর নতুন দর্শক প্রবেশ করতে পারবেন না।
এ বছর মেলায় ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৪৬৮টি স্টল বরাদ্দ রয়েছে। বিশেষ আকর্ষণ হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানে লিটল ম্যাগাজিন চত্বরের জন্য ৮৭টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।
বইমেলার এই আয়োজন পরিবেশবান্ধব রাখার জন্য ‘জিরো ওয়েস্ট বইমেলা’ হিসেবে ঘোষণা করা হয়েছে। স্টল, মঞ্চ, ব্যানার ও খাবারের দোকানগুলোতে পুনর্ব্যবহারযোগ্য ও পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার নিশ্চিত করার জন্য আয়োজকরা সকলকে অনুরোধ করেছেন।