বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, যিনি কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন।
তিনি জানান, কাতার কর্তৃপক্ষ ইতোমধ্যে পুরো প্রস্তুতি নিয়ে রেখেছে। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত জানালেই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে এবং সেখান থেকে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে। জার্মানি থেকে অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স আনার ব্যবস্থাও কাতার কর্তৃপক্ষ করছে বলেও জানান তিনি।
চিকিৎসক সূত্রে জানা গেছে, বেগম জিয়ার শারীরিক অবস্থা এখনও আগের মতোই রয়েছে এবং তিনি এখনো ফ্লাই করার সক্ষমতা অর্জন করেননি। এ কারণেই লন্ডন যাত্রা বিলম্বিত হচ্ছে। গত দু’দিনে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে এবং সেগুলোর রিপোর্ট বিশ্লেষণ করছে মেডিকেল বোর্ড।
গতকাল শুক্রবার দু’দফা মেডিকেল বোর্ডের বৈঠক হয়। প্রতিদিনই বোর্ডের সদস্যরা তাঁর চিকিৎসা অগ্রগতির প্রতিবেদন পর্যালোচনা করছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বোর্ড রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা প্রদান করছে।
এদিকে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার ঢাকায় এসে পৌঁছেছেন তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান, যিনি মেডিকেল বোর্ডেরও সদস্য।
বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।