নির্বাচন কমিশনের (ইসি) পাঠানো চিঠির জবাবে শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক পছন্দ করা সম্ভব নয় বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (৭ অক্টোবর) ইসির পাঠানো চিঠির জবাবে ইমেইলের মাধ্যমে এ অবস্থান জানায় দলটি।
এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, “গণমানুষের সঙ্গে শাপলা প্রতীককে ঘিরে গভীর সম্পর্ক গড়ে উঠেছে। এই প্রতীক আমাদের নেতাকর্মী, সমর্থক ও জনগণের মধ্যে এক অনন্য বন্ধন সৃষ্টি করেছে। তাই জনগণের ভালোবাসাকে উপেক্ষা করে অন্য প্রতীক গ্রহণ সম্ভব নয়।”
চিঠিতে উল্লেখ করা হয়, শাপলা প্রতীক বরাদ্দের জন্য এনসিপি গত ৩ আগস্ট ও ২৪ সেপ্টেম্বর আবেদন করেছিল, কিন্তু নির্বাচন কমিশন এখনো সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। সেই আবেদনগুলো অনিষ্পন্ন রেখেই কমিশন ৩০ সেপ্টেম্বর নতুন করে চিঠি পাঠিয়েছে, যা এনসিপির মতে বিধিসম্মত নয়।
এনসিপি চিঠিতে আরও দাবি করে, “শাপলাকে প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত না করা ও বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্তের কোনো আইনি ভিত্তি নেই। বরং এটি এনসিপির প্রতি বৈরী মনোভাব ও স্বেচ্ছাচারী দৃষ্টিভঙ্গির প্রকাশ, যা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তোলে।”
দলটি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানায়, ২০০৮ সালের নির্বাচন পরিচালনা বিধিমালার বিধি ৯(১) সংশোধন করে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা — এই তিনটির মধ্যে যেকোনো একটি প্রতীক এনসিপির জন্য বরাদ্দ দিতে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, দেশের ১০১ জন সিনিয়র আইনজীবী, যাদের মধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবীরাও রয়েছেন, তারা মত দিয়েছেন যে শাপলাকে প্রতীক হিসেবে দিতে কোনো আইনি বাধা নেই।
এনসিপি আশা প্রকাশ করেছে, নির্বাচন কমিশন সার্বিক বিবেচনায় জনগণের প্রত্যাশা অনুযায়ী তাদের জন্য শাপলা প্রতীকই বরাদ্দ করবে।