খুব শিগগিরই জাতীয় ঐকমত্য কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দেবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
রোববার (৫ অক্টোবর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত কমিশনের এক বৈঠকে তিনি এ কথা জানান।
প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এ তথ্য নিশ্চিত করেন।
বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু ও এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব এবং এ বিষয়ে কমিশনের অবস্থান তুলে ধরা হয়। প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে কমিশনের কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কমিশনের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে বলেন,“ঐকমত্য প্রতিষ্ঠার এই প্রচেষ্টা দেশের গণতান্ত্রিক যাত্রাকে আরও সুসংহত করবে।”
কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন,“ঐকমত্য কমিশন সব রাজনৈতিক দল থেকে ব্যাপকভাবে সহযোগিতা পেয়েছে। গণমাধ্যমগুলোও কমিশনের প্রতি অকল্পনীয় সমর্থন দিয়েছে।”
বৈঠকে কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল ও আদিলুর রহমান খান বৈঠকে উপস্থিত ছিলেন।
সভায় প্রধান উপদেষ্টা কমিশনের সদস্যদের ধন্যবাদ জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।