যশোরের কোতোয়ালী থানার কোদালিয়া ও তারাগঞ্জ বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তিন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে। অভিযানে ৩৬টি স্বর্ণের বার জব্দ করা হয়, যার ওজন ৫ কেজি ৩৩৪ গ্রাম এবং বাজারমূল্য ৭ কোটি ৮৯ লাখ ৫৩ হাজার ৮৬৮ টাকা।
আটককৃতরা স্বর্ণগুলো ঢাকার মানিকগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকা থেকে সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশ্যে যশোর ও চুকনগরের দিকে নিয়ে যাচ্ছিল। তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন, ভারতীয় ৪০ রুপি ও নগদ ৩৫ হাজার ৩২০ টাকা জব্দ করা হয়।
বিজিবি জানায়, স্বর্ণসহ আসামিদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্ত এলাকায় আভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে।