বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহকে নিয়ে করা মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশের সময় কারও নাম উল্লেখ করেননি।
বুধবার (২৭ আগস্ট) গ্লোবাল টিভির এক টকশোতে রুমিন বলেন, “আমার কথায় বা ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই আমি দুঃখিত।”
এর আগে সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হাসনাতকে নিয়ে তীব্র সমালোচনা করে তিনি তাকে “ফকিন্নির বাচ্চা” বলে উল্লেখ করেছিলেন। ওই পোস্টে হাসনাতের ছাত্রলীগ-সংযোগের ছবি ও স্ক্রিনশটও শেয়ার করেছিলেন।
ঘটনার সূত্রপাত হয় নির্বাচন কমিশনে সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত শুনানিতে বিএনপি ও এনসিপি কর্মীদের সংঘর্ষকে ঘিরে। তখন এনসিপি নেতা হাসনাত রুমিনকে “বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক” বলে আখ্যা দেন। এর জবাবেই রুমিনের ফেসবুক পোস্ট।
টকশোতে রুমিন বলেন, “আমি যদি নিজেকে আরও নিয়ন্ত্রণ করতে পারতাম ভালো হতো। কিন্তু আমি মানুষ, ধৈর্যেরও সীমা আছে। বারবার ট্রলড হলে একসময় জবাব দিতে ইচ্ছে হয়। না দিলেই ভালো হতো।”
নারী রাজনীতিকদের চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, “রাজনীতিবিদদের জীবন সহজ নয়, নারী রাজনীতিবিদের জীবন আরও কঠিন। ভোকাল নারী রাজনীতিবিদের জীবন একেবারেই সহজ নয়। সব মিলিয়ে ভাবলে মনে হয়, আমি তো ভালোই আছি।”