জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ নীতি ও নৈতিকতা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন দলেরই সদস্য নীলা ইসরাফিল। ফেসবুক পোস্টে তিনি দলীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তার সক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন, এবং নিজেকে পদযাত্রা কর্মসূচি থেকে বাদ দেওয়ার কারণ জানতে চান।
শনিবার ভোর ৪টা ১৫ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে নীলা লিখেছেন: “আমি কি এনসিপিকে খেয়ে ফেলব? আমি কি এনসিপিকে ভেঙে ফেলব? আমার বক্তব্যেই যদি দল ধসে পড়ে, তাহলে বুঝতে হবে দলটি নিজের ভার বহন করতেই অক্ষম।”
তিনি আরও লেখেন, “আমি সেই মানুষ, যে দলটির জন্মলগ্ন থেকে সড়কে, মঞ্চে, মানুষের পাশে দাঁড়িয়েছি। প্রচার চালিয়েছি, কনটেন্ট তৈরি করেছি, ভুলের বিরুদ্ধে কথা বলেছি। দল গঠনে বিশ্বাস করেছি। অথচ আজ আমাকে পদযাত্রা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, যেখানে তুষার— যার বিরুদ্ধে নির্যাতন, মিথ্যাচার, দুর্নীতির অভিযোগ রয়েছে— সে নির্বিঘ্নে দলের রাজনীতি করছে।”
নীলা অভিযোগ করেন, “আমি কাউকে খাই না, কাউকে ভাঙি না— আমি শুধু সত্য বলি। আর সত্য বললেই যদি একটি দল কেঁপে ওঠে, তাহলে সমস্যা সত্যে নয়, সমস্যা সেই দলের ভিতরে।”
সম্প্রতি এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন নীলা ইসরাফিল। এর পরিপ্রেক্ষিতে এনসিপি থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়, যা দলটির ভেতরে নৈতিক সংকট ও দ্বৈতমানদণ্ডের প্রশ্ন তুলে দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
নীলার মতে, “আমি কখনও নিজের স্বার্থে দলকে ব্যবহার করিনি। বরং অনেকের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছি। এখন প্রশ্ন, ভয়টা আসলে কাকে? আমাকে? নাকি নিজেদের মুখোমুখি হওয়ার?”