বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের (UNHCHR) মিশন। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে এক সমঝোতা স্মারকে সইয়ের মাধ্যমে তিন বছরের এই মিশন কার্যক্রমের ভিত্তি স্থাপন করা হয়।
চুক্তিতে জাতিসংঘের পক্ষে হাইকমিশনার ফলকার টুর্ক এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম স্বাক্ষর করেন।
এর আগে বৃহস্পতিবার, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-এর সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৩তম বৈঠকে এই উদ্যোগ অনুমোদন দেওয়া হয়।
চুক্তির আওতায় জাতিসংঘ বাংলাদেশকে মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ, কারিগরি সহায়তা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা দেবে।
২০২৪ সালের আগস্ট থেকে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। সংস্থাটি ইতোমধ্যে গণবিক্ষোভ দমন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ও সংস্কার প্রক্রিয়া নিয়ে বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
এ মিশন কার্যক্রম বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার একটি নতুন ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।