প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন অডিটোরিয়ামে ‘অন ডেভেলপমেন্ট অব ভোটিং ফর ডায়াস্পোরা বাংলাদেশিস’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। সেখানে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের শুরু থেকেই প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই প্রক্রিয়া এখন বাস্তবায়নের পথে রয়েছে।
সিইসি জানান, পৃথিবীর অনেক দেশেই প্রবাসী নাগরিকদের জন্য ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে। তবে প্রযুক্তিগত ও প্রশাসনিক চ্যালেঞ্জের কারণে অনেক দেশ সফলভাবে তা বাস্তবায়ন করতে পারেনি। ভারতও এখনও এটি চালু করতে পারেনি। তবুও বাংলাদেশ সীমিত পরিসরে হলেও এর বাস্তবায়ন শুরু করতে চায়।
তিনি এ উদ্যোগ সফল করতে রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, গণমাধ্যম সম্পাদক, সুশীল সমাজের সদস্য ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।