চাঁদপুর জেলার বিশেষ টাস্কফোর্স মিশন রোড ও ওয়্যারলেস বাজার এলাকায় অভিযান পরিচালনা করেছে। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে নোংরা ও অসাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি করায় বাঙালিয়ানা রেস্টুরেন্ট কে ৫,০০০/- টাকা, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ উল্লেখ না থাকায় মো: মোস্তাফা কে ২ হাজার টাকা, এবং দুধে পানি মেশানোয় গণেশ চন্দ্র ঘোষ কে ৩হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন, যা অভিযুক্তরা তাৎক্ষণিক পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।
এছাড়া, নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি, ক্রয় ভাউচার সংরক্ষণ, নকল ও ভেজাল পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী না করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর, ক্যাবের প্রতিনিধি ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান এই কর্মকর্তা।