আগামী ১০ মার্চের মধ্যে দেশের সকল শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে যাবে বলে জানিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
বুধবার (৫ মার্চ) সচিবালয়ে নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে পরিচিতি সভায় তিনি এ তথ্য জানান।
বিদায়ী উপদেষ্টা বলেন, “নতুন বই ফেব্রুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর কথা থাকলেও এখনও তা পুরোপুরি সম্ভব হয়নি। তবে ছাপানো ও বিতরণ সংক্রান্ত জটিলতার কারণে এই বিলম্ব হলেও ১০ মার্চের মধ্যে বই পৌঁছে যাবে।”
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেয়, তখন দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা বিরাজ করছিল। নানা চ্যালেঞ্জের মুখে পড়েও ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে, যদিও পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল বলা যাবে না।
এদিকে, নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে বুধবার বেলা ১২টার দিকে সচিবালয়ে আসেন অধ্যাপক সি আর আবরার। তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্ব গ্রহণ করেন।
প্রসঙ্গত, অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করছিলেন।