দেশে সাম্প্রতিক সময়ে সংঘবদ্ধ জনতার (মব) হাতে আইন তুলে নেওয়ার প্রবণতা বাড়ছে। এ ধরনের হামলা প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (৪ মার্চ) এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করছে। তবে কিছু মানুষ সংঘবদ্ধ হয়ে আইন নিজের হাতে তুলে নিচ্ছে, যা সম্পূর্ণ অনভিপ্রেত।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মব হামলার প্রতিটি ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। সরকার এ বিষয়ে কোনো ধরনের শিথিলতা দেখাবে না।
সম্প্রতি চট্টগ্রাম নগরীর পতেঙ্গা আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলীর ওপর সংঘবদ্ধ জনতার হামলার ঘটনাও বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে ১২ জনকে আটক করেছে পুলিশ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাইকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করে দিয়েছে যে, যেকোনো মব হামলায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।