ভারতের ভিসা নীতির বিষয়ে বাংলাদেশ কোনো জটিলতা সৃষ্টি করেনি, বরং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ভারতেরই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার (৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “ভারত তাদের নিজস্ব কারণে ভিসা প্রদান সীমিত করেছে। ভিসা দেওয়া একটি সার্বভৌম সিদ্ধান্ত, যা প্রত্যেক দেশের নিজস্ব অধিকার। কোনো দেশ যদি কাউকে বা কোনো গোষ্ঠীকে ভিসা না দেয়, সে বিষয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। আমরা আশা করি, ভারত তাদের সিদ্ধান্ত আমাদের জানাবে।”
তৌহিদ হোসেন আরও বলেন, “ভারত নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যই আমাদের অবস্থান নির্দেশ করে। আমরা ভারতের সঙ্গে কার্যকর কর্মসম্পর্ক (ওয়ার্কিং রিলেশন) বজায় রাখতে চাই।”
উল্লেখ্য, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর, অস্থিতিশীলতার অজুহাতে বাংলাদেশে ভিসা আবেদন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় ভারত। পরে সীমিত পরিসরে কার্যক্রম শুরু হলেও, দেশটি চিকিৎসা ভিসা এবং জরুরি প্রয়োজনে সীমিতসংখ্যক ভিসা ইস্যু করার সিদ্ধান্ত নেয়। তবে সাধারণ ভিসা প্রদান এখনও স্থগিত রয়েছে।