চাঁদপুরে পৃথক ঘটনায় পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১ মার্চ) দুপুরে চাঁদপুর সদর হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
নিহত শিশুরা হলো— চাঁদপুর সদর উপজেলার রামদাসদী এলাকার তিন বছরের মাইমুনা, হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও এলাকার দুই বছরের জুনায়েদ হোসেন এবং সাকদী এলাকার দেড় বছর বয়সী মিরাজ।
মাইমুনা ও জুনায়েদের পরিবার জানায়, ঘরের পাশে থাকা পুকুরের কাছে খেলতে গিয়ে তারা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তাদের মরদেহ ভেসে ওঠে। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তারা আগেই মারা গেছে।
অন্যদিকে, মিরাজের পরিবারের এক সদস্য জানান, সকালে খেলতে খেলতে পরিবারের অগোচরে পুকুরের কাছে চলে যায় মিরাজ। কিছুক্ষণ পর খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুরে ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাসের আবুল হাসান বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত তিন শিশুকে হাসপাতালে আনা হয়েছে, তবে তাদের আগেই মৃত্যু হয়েছে। তিনি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবারের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।