সরকার ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারির বিডিআর বিদ্রোহের দিনটিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে উল্লেখ করা হয়েছে, প্রতি বছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে পালিত হবে। তবে এটি সরকারি ছুটির আওতাভুক্ত থাকবে না।
এছাড়া, ২০২৪ সালের ১১ অক্টোবর জারি করা জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্র অনুযায়ী, এই দিবসটি ‘গ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পরিপত্রে আরও বলা হয়েছে, এ সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।