স্থানীয় সরকার মন্ত্রনালয়ের আওতাধীন চাঁদপুরের কচুয়া উপজেলার সুবিদপুর-শ্রীরামপুর রাস্তা যান চলাচলের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এ রাস্তাটি পার্শ্ববর্তী বরুড়া উপজেলার সংযোগকারী রাস্তার কারনে প্রতিনিয়ত সিএনজি, অটোরিক্সা,ট্রাক সহ শত শত বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে।এলাকার লোকজন এ রাস্তা ধরে কচুয়া পৌরবাজার, মিয়ার বাজার ও বরুড়া উপজেলাধীন আডডা বাজারে যাতায়াত করে থাকে ও বিভিন্ন পণ্যসামগ্রী ওইসব বাজারে ক্রয়-বিক্রয়ের জন্য আনা নেওয়া করে।
ব্যস্ততম এ রাস্তাটির সুবিদপুর হতে শ্রীরামপুর পর্যন্ত প্রায় ২ কিলোমিটার অংশ দীর্ঘদিন সংস্কার কাজ না করায় ক’ফুট অন্তর অন্তর বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সম্পূর্ণ দুর্ঘনার ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত যানচলাচল করছে। বিভিন্ন যানবাহন গর্তে পড়ে আটকা পড়ে । আহত হয় যাত্রী সাধারণ। বড় রকমের দুর্ঘটনা এড়াতে রাতের বেলায় যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে জনদুর্ভোগ চরমে উঠেছে। এমনি অবস্থায় এ ভগ্ন রাস্তাটি জরুরী ভিত্তিতে সংস্কার কিংবা মেরামত করার জন্য জোর দাবী জানাচ্ছে এলাকাবাসী।
এ ব্যাপারে কচুয়া উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন রাস্তাটির ভগ্নদশার কথা স্বীকার করে জানান, শিঘ্রই এ রাস্তাটি মেরামতের জন্য প্রাক্কলন তৈরী করে অনুমোদনের জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে।