বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্যপদের তথ্য ভুলভাবে দেওয়ায় দেশের ২৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ভুল চাহিদা দেওয়া এসব প্রধান শিক্ষকের সর্বোচ্চ তিন মাসের জন্য এমপিও (মাসিক পরিশোধ আদেশ) স্থগিত করা হতে পারে বলে জানা গেছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, বারবার নির্দেশনা দেওয়া সত্ত্বেও এসব প্রতিষ্ঠান প্রধানরা সঠিকভাবে শূন্য পদের তথ্য এনটিআরসিএ-তে জমা দেননি।
মাউশির সূত্র মতে, ভুল চাহিদার কারণে ৪০১টি শূন্যপদে অনেক যোগ্য প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা সম্ভব হয়নি, যার ফলে সংশ্লিষ্ট সবাইকে ব্যাপক বিড়ম্বনায় পড়তে হয়েছে। এনটিআরসিএ মনে করছে, এই ভুলের দায়ভার প্রতিষ্ঠান প্রধানদেরই বহন করতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক মাউশির এক কর্মকর্তা বলেন, “এনটিআরসিএর চিঠি আমরা পেয়েছি। নীতিমালা অনুযায়ী ভুল চাহিদা বা ভুল তথ্য দেওয়া প্রতিষ্ঠান প্রধানদের এমপিও তিন মাসের জন্য স্থগিত করা হতে পারে। তবে ঠিক কতজন প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।”
এনটিআরসিএ তাদের বিজ্ঞপ্তিতে জানায়, ২৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও গভর্নিং বডির সদস্যরা ৪০১টি শূন্যপদের জন্য ভুল তথ্য দিয়েছেন। এ কারণে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এনটিআরসিএ চিঠিতে অভিযোগ করে, ষষ্ঠ নিয়োগ সুপারিশের আগে শূন্যপদের প্রাপ্যতা যাচাইয়ের জন্য গত ৭ এপ্রিল মাউশি অধিদপ্তরকে তালিকা পাঠানো হলেও তারা নির্ধারিত সাত কর্মদিবসের মধ্যে তথ্য পাঠায়নি। ফলে ১৬ জুন বিজ্ঞপ্তি প্রকাশ করে ১০ জুলাই পর্যন্ত আবেদন নেওয়া হয়।
কিন্তু আবেদন গ্রহণ শেষে ফলাফল প্রক্রিয়াকরণের ঠিক পূর্বে গত ১৩ জুলাই মাউশি অধিদপ্তর কলেজ পর্যায়ের ২৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০১টি শূন্যপদ বাতিলের জন্য চিঠি পাঠায়। ততক্ষণে অনেক প্রার্থী বাতিল হওয়া এসব শূন্যপদে পছন্দ দিয়ে দেন। এই বাতিলের বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে মাউশি কর্তৃক জানানো হয়নি। ফলে এনটিআরসিএ’র সার্বিক নিয়োগ কার্যক্রমে জটিলতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।
এনটিআরসিএ ভবিষ্যতে এ ধরনের জটিলতা এড়াতে শূন্যপদের সঠিকতা যাচাই সংক্রান্ত প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে প্রেরণ এবং ভুল চাহিদা দেওয়া প্রতিষ্ঠান প্রধান ও গভর্নিং বডির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাউশিকে অনুরোধ করেছে।