টাইফয়েড জ্বর প্রতিরোধের জন্য আগামী ১২ অক্টোবর থেকে দেশে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ শুরু হতে যাচ্ছে। এই ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে।
মাউশি জানিয়েছে, ২০২৫ সালের এই বৃহৎ টিকাদান কার্যক্রমের আওতায় প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে থাকা ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুরা নিকটবর্তী ইপিআই টিকাদান কেন্দ্রে টিকা গ্রহণ করতে পারবে।
নির্দেশনায় উল্লেখিত মূল বিষয়গুলো:
১. উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসাররা প্রধান শিক্ষকদেরকে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মীদের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার নির্দেশ দেবেন। জেলা ও উপজেলা শিক্ষা অফিসের ফেসবুক পেজে প্রচারমূলক কাগজপত্র আপলোড করা হবে।
২. সহকারী উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসাররা বিদ্যালয়গুলোতে কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন তদারকি করবেন।
৩. জেলা, উপজেলা ও থানার কর্মকর্তারা দৈবচয়নের ভিত্তিতে বিদ্যালয়গুলোতে কার্যক্রম পরিবীক্ষণ করবেন।
৪. প্রধান শিক্ষকদের লক্ষ্য থাকবে শিক্ষকদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ নিশ্চিত করা এবং সহকারী শিক্ষকদের সম্পৃক্ত করা।
৫. শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন, টিকা গ্রহণ নিশ্চিতকরণ, টিকাদান কেন্দ্রে স্বেচ্ছাসেবী নিয়োগ এবং অভিভাবকদের উদ্বুদ্ধকরণ নিশ্চিত করবেন।
৬. রেজিস্ট্রেশন ফরমের তথ্য সঠিক কিনা তা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা তদারকি করবেন।
৭. কার্যক্রমের সমন্বয় করবেন সহকারী পরিচালক (বিশেষ শিক্ষা) মো. খালেদ সাইফুল্লাহ।
সরকারের জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় এই ক্যাম্পেইনে প্রায় ৫ কোটি শিশুকে নিরাপদ টাইফয়েড টিকা বিনামূল্যে প্রদান করা হবে। থানা, উপজেলা ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে।