শাহরাস্তি উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা জোরদার ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে শাহরাস্তি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুন) বিকাল ৩টা ৩০ মিনিটে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য ইন্জিঃ মোঃ মমিনুল হক এমপি। সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মনিরা খাতুন।
সভায় বক্তব্য প্রদানকালে প্রধান অতিথি এমপি ইন্জিঃ মোঃ মমিনুল হক বলেন, “উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” তিনি মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থান গ্রহণের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরো বলেন, শাহরাস্তি উপজেলার কোন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী মোবাইল ব্যবহার করতে পারবে না। এবং কোন শিক্ষার্থী সন্ধ্যার পর বাসার বাহিরে থাকতে পারবে না।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন বলেন, “শাহরাস্তি উপজেলার শান্তিপূর্ণ পরিবেশ ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও জনসেবামূলক কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী লিটন, সহ-সভাপতি আবু ইউসুফ রুপম পাটওয়ারী, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, শাহরাস্তি পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিমসহ উপজেলা পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ।
পাশাপাশি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষ ও প্রধান শিক্ষকবৃন্দ, কর্মরত সাংবাদিক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।