আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাঠপর্যায়ে নিরাপত্তা জোরদারে ৪০ হাজার বডি ক্যামেরা কেনার যে সিদ্ধান্ত ছিল, তা কমিয়ে আনার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচনকালে শুধুমাত্র সেনসিটিভ (স্পর্শকাতর) এলাকাতেই বডি ক্যামেরা বসানো হবে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনীতিবিষয়ক কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, “বডি ক্যামেরা নিয়ে অনেক পর্যালোচনা হয়েছে। আরও পর্যালোচনা করতে বলা হয়েছে। এত ক্যামেরার খরচ কত হবে, কীভাবে প্রকিউরমেন্ট হবে এবং সবকিছু যেন স্বচ্ছভাবে হয়—সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “বডি ক্যামেরা আসবে, তবে এখন তা রেশনালভাবে আনা হবে। সব জায়গায় বডি ক্যাম দিয়ে কাজ করা সম্ভব নয়। এগুলো মনিটর করা, ফুটেজ বিশ্লেষণ—এসব বিষয়ও আছে। তাই সেনসিটিভ জায়গাগুলোতে ব্যবহারের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করবে।”
৪০ হাজার ক্যামেরার সংখ্যা কমানোর কারণ জানতে চাইলে উপদেষ্টা বলেন, “সংখ্যা কমবে। তবে কতটা কমবে এখন বলা যাবে না। প্রস্তাব এলে জানা যাবে।”
কবে নাগাদ ক্যামেরা কেনার প্রক্রিয়া শুরু হবে—এমন প্রশ্নে তিনি জানান, “খুব শিগগিরই, হয়তো আগামী সপ্তাহেই প্রস্তাব আসবে।”